টুইটারে খবর পড়তে গুনতে হবে টাকা!

৩০ এপ্রিল, ২০২৩ ২৩:৫৪  

কখনও ব্লু টিক তো কখনও লোগো বদল, হামেশাই শিরোনামে টুইটার। এবারও তার ব্যতিক্রম হলো না। আরও একবার ইলন মাস্কের নতুন পরিকল্পনার কথা সামনে এলো। যা নিঃসন্দেহে নতুন করে মাথাব্যথার কারণ হতে পারে ব্যবহারকারীদের জন্য। শোনা যাচ্ছে, এবার টুইটার থেকে খবর পড়তে ব্যবহারকারীদেরকে গুনতে হবে টাকা!

সংবাদমাধ্যমগুলো যাতে টুইটার থেকে আয় করতে পারে, সেই জন্যই নাকি মাস্ক এমন সিদ্ধান্ত নিয়েছেন। সব ঠিকঠাক থাকলে আগামী মাস থেকেই খবর পড়ার জন্য ব্যবহারকারীদেরকে অর্থ খরচ হবে।

এক টুইটে প্রযুক্তি বিলিয়নিয়র মাস্ক জানিয়ে দিয়েছেন, 'পরের মাস থেকেই শুরু হচ্ছে। সংবাদমাধ্যমগুলো তাদের খবর পড়ানোর জন্য ব্যবহারকারীদের থেকে টাকা নিতে পারবে। প্রতিটা আর্টিকেলে প্রতিটা ক্লিক অনুযায়ী ধার্য হবে সেই অর্থ।‘ এক্ষেত্রে যারা মাসিক সাবস্ক্রিপশন নেবেন, তাঁদের খরচ কম হবে। নাহলে খরচ বাড়বে।

অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কোনও শো দেখার জন্য যেমন খরচ করতে হয়, তেমনই টুইটারে খবর পড়তেও এবার থেকে টাকা দিতে হবে বলেই খবর।

ডিবিটেক/বিএমটি